দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া–র ব্যাংক হিসাব তলবের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার (৪ মার্চ) রাত ৯টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে হাসনাত লেখেন, তলব করা হয়েছিল শুধু আসিফ মাহমুদকে। তিনি নিজের পাশাপাশি পরিবারের চার সদস্যের মোট নয়টি ব্যাংক হিসাবের স্টেটমেন্ট প্রকাশ করেছেন।
তিনি আরও দাবি করেন, সরকার পরিবর্তনের পর চাইলে আসিফ মাহমুদরা ‘সেফ এক্সিট’ নিয়ে বিদেশে চলে যেতে পারতেন। কিন্তু তারা আইন মেনে নিজেদের ও পরিবারের ব্যাংক হিসাবের বিবরণ জনসমক্ষে এনেছেন। তার ভাষ্য অনুযায়ী, দুর্নীতির যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো শেষ পর্যন্ত প্রমাণিত হবে না।
স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ১২ মিনিটের মধ্যে এতে ৩৪ হাজারের বেশি রিয়েকশন পড়ে। পাশাপাশি হাজারের বেশি মন্তব্য এবং প্রায় পাঁচ শতাধিক শেয়ার হয়।
উল্লেখ্য, একই দিন সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেন।