ঈদুল ফিতর উপলক্ষ্যে শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে দেশের ৭ টি বিভাগীয় শহরে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ মার্চ শনিবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এসব বাস ছেড়ে যাবে। সাত বিভাগের ৭ রুটে ৯ টি বাস চলাচল করবে এবং নির্দিষ্ট বিভাগীয় শহরের পথে পথে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের নামিয়ে দেবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট বিভাগে একটি ও রংপুর এবং চট্টগ্রাম বিভাগের জন্য ২ টি বাস বরাদ্দ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ঈদ উপলক্ষ্যে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবহন প্রশাসকের দপ্তর থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে উপস্থিত হয়ে নিজ নিজ রুটের বাসে উঠতে হবে।
এ বিষয়ে পরিবহন প্রশাসক বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই ঈদে বাড়ি ফেরার জন্য বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। আশা করা হচ্ছে, এতে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে নিজ নিজ বাড়িতে পৌঁছাতে পারবেন।
এর আগে ভূমিকম্প আতঙ্কে বিশ্ববিদ্যালয় বন্ধ হলে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিশেষ বাস সার্ভিস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসান।