পারস্য উপসাগরে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবলে পড়ল বিশ্বের অন্যতম শক্তিশালী মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। রণতরীটির ভেতরে হঠাৎ আগুন লেগে দুই মার্কিন নৌসেনা আহত হয়েছেন। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, এই অগ্নিকাণ্ডের সাথে শত্রুদেশের কোনো হামলার সম্পর্ক নেই। খবর আল জাজিরা।

সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী, রণতরীটির মূল লন্ড্রি বা কাপড় ধোয়ার জায়গায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আগুন নেভাতে গিয়ে দুইজন নৌসেনা আহত হন। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

 

বিশাল এই যুদ্ধজাহাজের ইঞ্জিন বা প্রপালশন প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি বলে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। ফলে জাহাজটির মূল কার্যক্ষমতায় কোনো প্রভাব পড়েনি। মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ইউএসএস জেরাল্ড ফোর্ড বর্তমানে পুরোপুরি সচল এবং এটি তার নির্ধারিত অপারেশন চালিয়ে যেতে সক্ষম।

 

আরও পড়ুন :রাষ্ট্রপতির ভাষণের সময় ‘ওয়াকআউটের’ কারণ বললেন জামায়াত আমির

 

যদিও এটি একটি ‘নন-কমব্যাট’ বা অ-সামরিক দুর্ঘটনা, তবুও মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বিশ্বের সব থেকে আধুনিক রণতরীতে এমন অগ্নিকাণ্ড মার্কিন নৌবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছুটা আলোচনার জন্ম দিয়েছে।

ইউএসএস জেরাল্ড ফোর্ড বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের নতুন সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’-তে সরাসরি অংশ নিচ্ছে।

ইউএসএস জেরাল্ড ফোর্ড বিশ্বের বৃহত্তম এবং সবথেকে আধুনিক বিমানবাহী রণতরী। বর্তমানে এটি মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির অন্যতম প্রধান প্রতীক। জাহাজটিতে ৫০০০-এর বেশি ক্রু সদস্য এবং প্রায় ৭৫টিরও বেশি যুদ্ধবিমান থাকতে পারে। লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডের মতো ছোট ঘটনাও এই বিশাল জাহাজে উদ্বেগের সৃষ্টি করে, কারণ এতে প্রচুর পরিমাণে গোলাবারুদ এবং পারমাণবিক জ্বালানি থাকে।

 

বর্তমানে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের আশেপাশে আমেরিকার বেশ কিছু শক্তিশালী যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। জেরাল্ড ফোর্ডের পাশাপাশি অন্য একটি রণতরীও এই অঞ্চলে নজরদারি চালাচ্ছে যাতে ইরান হরমুজ প্রণালী পুরোপুরি দীর্ঘমেয়াদে বন্ধ করতে না পারে। রয়েছে ডেসট্রয়ার ও ক্রুজার, সেগুলো ইরানের ড্রোন এবং মিসাইল হামলা থেকে তেলের ট্যাঙ্কারগুলোকে রক্ষা করার জন্য প্রস্তুত রাখা হয়েছে।