বরিশালের বানারীপাড়া উপজেলার ২নং ইলুহার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মুজাহিদুল হক মুরাদের দায়ের করা মামলার ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে ইকরামুল সিকদার, এনামুল সিকদার ও সিরাজুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে বানারীপাড়া থানা পুলিশ। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী মুজাহিদুল হক মুরাদ একজন কাঠ ব্যবসায়ী এবং স্থানীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ করেন, আসন্ন ইউপি সদস্য পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করার পর থেকেই তার ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। একপর্যায়ে আসামিরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বলেও অভিযোগ করেন তিনি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৫নং আসামি সিরাজুল ইসলাম রাজু ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও মোবাইল ফোনের মাধ্যমে অন্যদের নির্দেশনা দিয়ে হামলা পরিচালনা করেন।
আরও পড়ুন:ডাকাতি ও ছিনতাইয়ে অতিষ্ঠ সোনারগাঁওবাসী, জনগণের গণধোলাইয়ের স্বীকার ডাকাতদল
তবে অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম রাজু বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। এই হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। পাশাপাশি ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন ও আমার অজানা।”
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরও চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।