বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ আগস্ট (রবিবার) সকাল ৬টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল বারেক (নিরস্ত্র) সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন—কচুয়া গ্রামের মোঃ রত্তন সরদার ওরফে রতন সরদারের ছেলে মোঃ সোলায়মান সরদার (২৯) এবং একই বাড়ির হেমায়েত সরদারের ছেলে মোঃ অলিউল্লাহ (২৬)।
পুলিশের দাবি, আটক সোলায়মান সরদারের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা এবং অলিউল্লাহর কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোলায়মান সরদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর কেউ কেউ তাকে এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবেও অভিহিত করেন। তবে এ অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।