জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘CMA Choice: Your Future Professional Career an Exciting Success Route’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একইসঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে মেধাবী হয়। দেশ-বিদেশে তাদের জন্য চাকরির বিশাল ক্ষেত্র রয়েছে। নিজেদের দক্ষতা ও যোগ্যতা সঠিকভাবে কাজে লাগাতে পারলে শিক্ষার্থীরা ভালো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিতে সক্ষম হবে।”
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, The Institute of Cost and Management Accountants of Bangladesh (ICMAB)-এর ভাইস প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার এবং Hossain Mumlook & Co.-এর প্রিন্সিপ্যাল মো. মামলুক হোসেন।
আরও পড়ুন :নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্টসহ গ্রেফতার ছয়
স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সঙ্গে ICMAB এবং Hossain Mumlook & Co.-এর পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার।
অপরদিকে প্রতিষ্ঠান দুটির পক্ষে স্বাক্ষর করেন যথাক্রমে ICMAB-এর ভাইস প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার এবং Hossain Mumlook & Co.-এর প্রিন্সিপ্যাল মো. মামলুক হোসেন।
চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিবিএ ও এমবিএ সম্পন্ন করে সিএমএ প্রোগ্রামে ভর্তি হলে মোট ২০টি কোর্সের মধ্যে সর্বোচ্চ ৬টি কোর্স পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ পাবেন।
এছাড়া প্রায় তিন মাস মেয়াদি কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ, প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ থাকবে।
অভিজ্ঞ পেশাজীবীদের মাধ্যমে শিক্ষার্থীদের মেন্টরিং ও কোচিং প্রদানসহ বাস্তব অডিট ও কনসালটিং কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হবে বলেও জানানো হয়।