যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬ কার্যবর্ষের জন্য ১ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে পরিবেশ বিজ্ঞান ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা মোঃ সোহেল রানাকে সভাপতি এবং মোঃ শিমুল মোড়লকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৭ মে) সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ আলমগীর কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ-স্বচ্ছ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় নিয়ে এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও দিকনির্দেশনা দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের সমন্বয়ে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে রয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, অধ্যাপক ড. সৈয়দা ইসরাত নাজিয়া, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদের, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মনিরা জাহান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নাঈম আক্তার সিদ্দিকী প্রমুখ।
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজনীন আক্তার বৃষ্টি, ফারদিন ইসলাম ইমন ও জোনায়েদ আহমেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ওমর ফারুক শ্রাবণ, নূর ইলাহী ইমরান ও মোঃ ইসমাইল হোসেন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আরনিকা আরাফাত আখি, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম এবং প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রোকুজ্জামান গোলাম রাব্বী।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গ্রীন ভয়েসের এই নতুন কমিটিকে সাধুবাদ জানিয়েছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, পলিথিন ও প্লাস্টিক বর্জন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে নতুন নেতৃত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে রূপান্তর করবে এমনটাই প্রত্যাশা সকলের।
পরিবেশ সুরক্ষাকে নাগরিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে নবনিযুক্ত সাধারণ সম্পাদক মোঃ শিমুল মোড়ল বলেন, “পরিবেশ রক্ষা করা শুধু সরকারের একা কিংবা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর দায়িত্ব নয়; এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। আজ আমরা যদি আমাদের চারপাশের পরিবেশকে রক্ষা করতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী থেকে বঞ্চিত হবে। ‘প্রকৃতি বাঁচলে, মানুষ বাঁচবে’ এই চিরন্তন সচেতনতার বাণীটি আমরা প্রতিটি শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দিতে চাই।”
নবনির্বাচিত সভাপতি মোঃ সোহেল রানা তাঁর দায়িত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, “দায়িত্ব পাওয়ার পর সংগঠনের প্রতি এবং ক্যাম্পাসের প্রতি আমাদের দায়িত্ব আরও অনেক বেড়ে গেলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের পরিবেশ রক্ষায় সংগঠনের সবাইকে সঙ্গে নিয়ে আমরা আগের চেয়ে আরও বেশি সক্রিয়ভাবে কাজ করবো। একটি পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করে আমরা এগিয়ে যেতে চাই।”
তিনি আরও জানান, জবির সীমিত পরিসরের ক্যাম্পাসে পরিবেশগত ভারসাম্য বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় গ্রীন ভয়েস বদ্ধপরিকর।