ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরুর অপেক্ষা এখন মাত্র কয়েক দিনের। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সম্ভাব্য চ্যাম্পিয়ন, সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার প্রশ্ন। এমন আবহে নিজের পছন্দের নাম জানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে আসন্ন বিশ্বকাপে সম্ভাব্য সর্বোচ্চ গোলদাতা নিয়ে মতামত দেন এমবাপ্পে। সেখানে বিভিন্ন তারকার মধ্যে তুলনা করে একের পর এক পছন্দের খেলোয়াড় বেছে নিতে বলা হলে তিনি বেশ কিছু চমকপ্রদ সিদ্ধান্ত নেন।
তুলনার শুরুতে স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামালকে তিনি জার্মানির ফ্লোরিয়ান ভির্টজ, নেদারল্যান্ডসের মেমফিস ডিপাই, মিসরের মোহাম্মদ সালাহ এবং নরওয়ের আর্লিং হালান্ডের চেয়ে এগিয়ে রাখেন। পরে নিজের ক্লাব সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রকেও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের চেয়ে বেশি সম্ভাবনাময় হিসেবে বেছে নেন।
তবে ভিনিসিয়ুস ও লিওনেল মেসির মধ্যে একজনকে নির্বাচন করতে বলা হলে এমবাপ্পে আর্জেন্টাইন মহাতারকার পক্ষেই অবস্থান নেন। কিন্তু মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সরাসরি তুলনা আসতেই বদলে যায় তার সিদ্ধান্ত।
ফরাসি এই ফরোয়ার্ডের বিশ্বাস, ২০২৬ বিশ্বকাপে মেসির চেয়ে বেশি গোল করবেন রোনালদো। আর শেষ ধাপে যখন রোনালদো ও এমবাপ্পের মধ্যে তুলনা করা হয়, তখন তিনি আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকেই এগিয়ে রাখেন।
এবারের বিশ্বকাপ এমবাপ্পের জন্য তৃতীয় আসর। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। ২০২২ সালে দলকে ফাইনালে তুললেও শিরোপা ধরে রাখা সম্ভব হয়নি।
অন্যদিকে, মেসি ও রোনালদো দুজনই ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। ফলে অনেকের কাছেই এবারের আসর দুই কিংবদন্তির শেষ বিশ্বকাপ হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বিশ্বকাপের পরিসংখ্যানের দিকে তাকালে অবশ্য রোনালদোর চেয়ে এগিয়ে আছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপের ২৬ ম্যাচে তিনি ১৩ গোল করার পাশাপাশি ৮টি গোলেও সহায়তা করেছেন। বিপরীতে, পর্তুগালের হয়ে ২২ বিশ্বকাপ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ৮।
তবে ব্যক্তিগত একটি অপূর্ণতা এখনো তাড়া করে ফিরছে রোনালদোকে। বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত কোনো গোলের দেখা পাননি তিনি। তাই ২০২৬ বিশ্বকাপ হতে পারে সেই আক্ষেপ ঘোচানোর সবচেয়ে বড় মঞ্চ। এবার দেখার বিষয়, এমবাপ্পের ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত কতটা সত্যি হয়।