শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

বিশ্বকাপে আমন্ত্রণ পেয়েও যুক্তরাষ্ট্রে ঢুকতে পারলেন না ফিলিস্তিন ফুটবল প্রধান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪৮ মোট ভিউ

 

 

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ভিসা জটিলতা। প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ার অভিযোগ তুলেছেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজুব। বিশ্বকাপ আয়োজনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও তিনি দেশটিতে যেতে না পারায় বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার লড়াই মাঠে বসে উপভোগ করেন রাজুব। তবে টুর্নামেন্টের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলেও সেখানে উপস্থিত থাকতে পারেননি তিনি।

জানা গেছে, শুধু রাজুব নন, বিশ্বকাপ উপলক্ষে আরও কয়েকজন স্বীকৃত প্রতিনিধি ভিসা জটিলতার মুখে পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন সোমালিয়ার একজন রেফারি এবং ইরাক জাতীয় দলের সঙ্গে থাকা একজন আলোকচিত্রী। কেউ ভিসা পাননি, আবার কেউ এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।

রাজুব বলেন, “আমি মনে করি না, বিশ্বের ফুটবল সংশ্লিষ্ট মানুষের টুর্নামেন্টে অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া বা তা থেকে বঞ্চিত করা ন্যায্য কোনো বিষয়।”

ফিলিস্তিন বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে না পারলেও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়ে থাকে। আন্তর্জাতিক সম্প্রীতি ও ফুটবলের বৈশ্বিক ঐক্যের প্রতীক হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়।

গত বছর ফিফা সভাপতি বলেছিলেন, বিশ্বকাপের তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সব দর্শনার্থীকে স্বাগত জানাবে। তবে বাস্তবে বেশ কয়েকজন স্বীকৃত প্রতিনিধি ভিসা-সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনফান্তিনো বলেন, ফিফা ভিসা জটিলতা সমাধানে সহায়তা করার চেষ্টা করছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সরকারের হাতে।

তিনি বলেন, “আমরা পৃথিবীর রাজা নই যে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্ত বদলে দিতে পারব। আমাদের তাদের সিদ্ধান্তকে সম্মান করতে হবে।”

রাজুবের অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে গত বছর কিছু ফিলিস্তিনি পাসপোর্টধারীর ওপর নতুন ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এর আওতায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তিও পড়েছেন।

দীর্ঘদিন ধরে ইসরায়েলের ফুটবল নীতির সমালোচক হিসেবে পরিচিত জিবরিল রাজুব। তার অভিযোগ, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি ফুটবলারদের চলাচলে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের বসতিগুলোর দলগুলোকে ইসরায়েলের জাতীয় লিগে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, যা নিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে একাধিকবার আপত্তি জানিয়েছেন।

বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে ভিসা জটিলতার এই ঘটনা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে আমন্ত্রিত প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আয়োজক দেশগুলোর দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital