বিশ্বকাপে আরেকটি মাইলফলকের খুব কাছাকাছি ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল গ্রুপ ‘কে’-এর ম্যাচে ডিআর কঙ্গোর মুখোমুখি হতে যাচ্ছে হিউস্টন স্টেডিয়ামে, আর এই ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা।
এটি হতে যাচ্ছে রোনালদোর ষষ্ঠ ফিফা বিশ্বকাপ। এর মাধ্যমে তিনি বিশ্ব ফুটবলের ইতিহাসে আরও একটি অনন্য অধ্যায় যোগ করবেন। এর আগে আর্জেন্টিনার লিওনেল মেসি ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে রেকর্ড গড়লেও, রোনালদোও এখন সেই অভিজাত তালিকায় অন্তর্ভুক্ত হবেন।
এই ম্যাচে গোল করতে পারলে নতুন এক বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো। তিনি হয়ে উঠবেন প্রথম ফুটবলার, যিনি ছয়টি আলাদা বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করবেন। বিশ্বকাপ ইতিহাসে এখনো এমন নজির কারও নেই।
আরও পড়ুন :ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স
বিশ্বকাপে ম্যাচ খেলার তালিকাতেও শীর্ষের দিকেই এগোচ্ছেন পর্তুগিজ অধিনায়ক। বর্তমানে তিনি ২২টি ম্যাচ খেলেছেন, যেখানে লিওনেল মেসির নামের পাশে রয়েছে সর্বোচ্চ ২৭ ম্যাচ। কঙ্গোর বিপক্ষে মাঠে নামলে সেই ব্যবধান আরও কমিয়ে আনবেন রোনালদো।
বয়সভিত্তিক রেকর্ডেও চোখ রোনালদোর সামনে। গোল করতে পারলে তিনি হয়ে উঠতে পারেন বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বয়সে গোল করা ফুটবলার। এই রেকর্ডের মালিক ক্যামেরুনের রজার মিলা, তিনি ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করেছিলেন।