বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

চলন্ত বাস থেকে নারী শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগ, সেলফি পরিবহনের ৬ বাস আটক

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৮ মোট ভিউ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে সেলফি পরিবহনের ছয়টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ৩টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে সেলফি পরিবহনের ছয়টি বাস আটক করেন।

ভুক্তভোগী আফরিন জামান অরিন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাস থেকে নামার জন্য দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন। বাসটি গতি কমালেও পুরোপুরি থামার আগেই বাসের এক স্টাফ তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে তিনি সড়কে পড়ে গিয়ে পায়ে আঘাত পান।

আফরিন বলেন, “আমার ঠিক পেছনেই আরেকটি বাস আসছিল। সেখানে স্পিড ব্রেকার থাকায় বাসটির গতি কম ছিল। না হলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।”

এ বিষয়ে সেলফি পরিবহনের স্টাফ সোহেল মাহমুদ বলেন, “আমরা জেনেছি আমাদের একটি বাস থেকে একজন শিক্ষার্থী পড়ে আহত হয়েছেন। ঘটনার পর শিক্ষার্থীরা আমাদের কয়েকটি বাস আটক করেছেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, “ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট বাস ও দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital