বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিন আলমের বিরুদ্ধে তথ্য গোপন করে দুটি বিবাহ করার অভিযোগসহ একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগগুলোকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, শাহিন আলম তার ব্যক্তিগত তথ্যের গুরুত্বপূর্ণ অংশ গোপন করেছেন। অভিযোগকারীরা তার দুটি বিবাহের কাবিননামার কপিও সরবরাহ করেছেন বলে দাবি করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে অতীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগও উঠেছে। অভিযোগকারীদের ভাষ্য, ৫ আগস্টের আগে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর নির্বাচনী প্রচারণায় অংশ নেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কমিশনার ফারুকের সঙ্গে ৪ আগস্টের একটি রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগও আনা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, শহীদ শামসুল হক হলে অবস্থানকালে তিনি গেস্ট রুম কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সাংগঠনিক তদন্ত বা সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
অভিযোগগুলো প্রকাশ্যে আসার পর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং এ বিষয়ে সংগঠনের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মো. শাহিন আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।