২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। টুর্নামেন্ট শুরুর আগেই ডান হাতের অনামিকায় চিড় ধরা পড়লেও অস্ত্রোপচার না করিয়ে ব্যথা নিয়েই পুরো বিশ্বকাপ খেলছেন বলে জানিয়েছেন তিনি। তবে এখন তার সব মনোযোগ ফাইনালে।
মার্তিনেস জানান, চোটের কারণে প্রতিদিনই হাতে ব্যথা অনুভব করেন। চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিলেও বিশ্বকাপের কথা ভেবে সেই পথ বেছে নেননি।
আরও পড়ুন:
যানজট নিরসনে নতুন দিগন্ত, চলবে ঢাকার পাঁচ রুটে
তিনি বলেন, ‘আমার হাত এখনো প্রতিদিন ব্যথা করে। জানতাম এই চোট আমাকে ভোগাবে। যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের বিশেষজ্ঞরা অস্ত্রোপচার করতে বলেছিলেন, কিন্তু আমি সেটি করিনি।’
চোটের প্রভাব গ্রুপ পর্বে সবচেয়ে বেশি পড়েছিল বলেও জানান এই গোলরক্ষক। সে সময় ঠিকমতো অনুশীলনও করতে পারেননি। তবে নকআউট পর্বে ওঠার পর ব্যথা নিয়ে আর ভাবছেন না।
মার্তিনেস বলেন, ‘গ্রুপ পর্বে আমি অনুশীলনই করতে পারিনি। কিন্তু নকআউট পর্ব শুরু হওয়ার পর থেকে বিষয়টি মাথায় রাখিনি। এখন নিজেকে অনেক ভালো লাগছে।’
ফাইনালে জিততে পারলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। কয়েক বছর আগে সতীর্থদের সঙ্গে আড্ডায় দুইবার বিশ্বকাপ জিততে পারলে অবসরের কথা বলেছিলেন মার্তিনেস। সেই প্রসঙ্গ উঠতেই হাসিমুখে তিনি বলেন, ‘হ্যাঁ, এমন কথা বলেছিলাম। কিন্তু অবসরের আগে তো ম্যাচটা জিততে হবে। এখন আমার সব চিন্তা শুধু ফাইনাল নিয়ে।’
দলের সাফল্যের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মার্তিনেস। তিনি বলেন, ‘আমরা যা অর্জন করেছি, তা ভাবলে কখনো কখনো একা বসেই কেঁদে ফেলি। সামনে আরও আনন্দের মুহূর্ত আসছে। সেগুলো আমরা সবাই মিলে উপভোগ করতে চাই।’
রবিবার স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে চোটকে সঙ্গী করেই দলের শেষ ভরসা হয়ে দাঁড়াতে চান এমিলিয়ানো মার্তিনেস।