বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা–২০২৬ এ অংশ নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ মে) বাকৃবির জিমনেসিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। রুয়েটের হয়ে ব্যাডমিন্টন (ছাত্র), টেবিল টেনিস (ছাত্র) ও টেবিল টেনিস (ছাত্রী) বিভাগে বিভিন্ন বর্ষ ও বিভাগের মোট ১১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।
প্রতিযোগিতার টেবিল টেনিস (ছাত্রী) বিভাগের গ্রুপ পর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৩-০ সেটে পরাজিত করে দারুণ সূচনা করেছে রুয়েট নারী দল। বিজয়ী দলের সদস্যরা হলেন যন্ত্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা: রুমানা হক একা, সিরামিক্স অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছাঃ ইসরাত জাহান এবং একই বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেরিন জারিন অরন্তি। দলের পক্ষে রুমানা হক একা ও মেহেরিন জারিন অরন্তির চমৎকার নৈপুণ্যে এই জয় আসে।
আরও পড়ুন :জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র্যালি
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ডিন কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. মো. রুহুল আমিন এবং প্রক্টর কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা–২০২৬ এর সভাপতি অধ্যাপক ড. মো. শহিদুল হক। সঞ্চালনায় ছিলেন বাকৃবি ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল হক সজল।
আয়োজকদের মতে, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।