শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

চলচ্চিত্র শিক্ষার ভবিষ্যত নিয়ে আলোচনা, নতুন নেতৃত্বে যাত্রা শুরু বিএফএসএ’র

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৬ মোট ভিউ

বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার বর্তমান বাস্তবতা, সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (বিএফএসএ)-এর নতুন কমিটি। চলচ্চিত্র শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির তৃতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৬।

 

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর বাংলামোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে ‘শিক্ষা, চলচ্চিত্র, পরিবর্তন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র শিক্ষার্থী, শিক্ষক, চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

 

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের বিদায়ী সভাপতি সাদমান শিহির বার্ষিক কার্যক্রম ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন। পরবর্তী সময়ে সংগঠনের গঠনতন্ত্রের কিছু সংশোধনী, নতুন সদস্যদের কার্ড বিতরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় ১৭ সদস্যের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটিরও অনুমোদন দেওয়া হয়।

 

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী সামিয়া লারা মৌমিতা। সাধারণ সম্পাদক হয়েছেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মিনহাজ বিন ফিরোজ।

 

এ ছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহিন মল্লিক, খায়রুল হাসান আকাশ ও সিফাত রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহজাবিন তাসনিম মুনিয়া ও রোমান আকন্দ, কোষাধ্যক্ষ হিসেবে মো. রাশেদুল হাসান রায়হান, সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়াজ মোর্শেদ সম্পদ, দপ্তর সম্পাদক হিসেবে মাইশা মাহবুব এশা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রাহমা আল বিল্লাহ নির্বাচিত হয়েছেন। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন অরণ্য খন্দকার।

 

নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আমরীন ইসলাম মাহী, মুরসালিন সরকার, সালসাবিল বিনতে সালাম, নানজিবা নূরাঈনুমা প্রিয়ন্তী ও নাঈমা সিকদার।

 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষা: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে অংশ নেন চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. ইমরান ফিরদাউস, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী সালমান এবং চলচ্চিত্র সমালোচক ও শিক্ষক বিধান রিবেরু।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উল্লাহ এবং অভিনেতা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনোজ প্রামাণিক।

 

আলোচকরা বলেন, দেশে চলচ্চিত্র শিক্ষার বিস্তার ঘটলেও দক্ষতা উন্নয়ন, গবেষণা, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সংযোগের ক্ষেত্রে এখনও বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য আরও বাস্তবমুখী শিক্ষা ও কাজ প্রদর্শনের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

অনুষ্ঠানে বিএফএসএ’র নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক পরিকল্পনাও তুলে ধরা হয়।

 

দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় ‘ফিল্ম স্টুডেন্টস’ ফিল্ম স্ক্রিনিং-২০২৬’। এতে নির্বাচিত ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। চলচ্চিত্রগুলো হলো: ৯৮৮৯, হোয়াট ইফ, বৈঠক, ত্রৈধবিন্দু, হোম-মেইড এবং নট আ ড্রিম।

 

বিএফএসএ নেতারা জানান, চলচ্চিত্র শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বিকল্প ধারার চলচ্চিত্র চর্চাকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

শেয়ার করুন

One thought on "চলচ্চিত্র শিক্ষার ভবিষ্যত নিয়ে আলোচনা, নতুন নেতৃত্বে যাত্রা শুরু বিএফএসএ’র"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital