রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিরোধী দলের লংমার্চ জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি বাড়াবে: ইশরাক হোসেন মানুষের টাকা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পকেটে যাচ্ছে: বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

বেনজীর গ্রেফতারে নতুন তথ্য, জাতীয় সংসদে বিস্তারিত তুলে ধরলেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২২ মোট ভিউ

 

 

দুর্নীতি ও অর্থপাচারসহ একাধিক মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সরকার। জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে ইউএই কর্তৃপক্ষ এবং বর্তমানে তিনি দেশটির পুলিশি হেফাজতে রয়েছেন।

রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো এক ই-মেইলে বাংলাদেশ সরকারকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

মন্ত্রী জানান, দুর্নীতিসংক্রান্ত মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদ বর্তমানে ইউএইতে পুলিশি হেফাজতে আছেন। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক কার্যক্রমও শুরু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেফতারের ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন করতে হয়। সে অনুযায়ী দুদকের মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত-সংক্রান্ত নথিপত্র প্রস্তুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এক্সট্রাডিশন প্রস্তাব অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বেনজীর আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোলে আবেদন পাঠানো হয়। পরবর্তীতে ইন্টারপোল রেড নোটিশ জারি করলে তা ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠানো হয় এবং সেই সূত্র ধরেই গ্রেফতারের প্রক্রিয়া সম্পন্ন হয়।

বেনজীর আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডারের আওতায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

গ্রেফতারের ঘটনাকে বাংলাদেশ পুলিশের একটি ‘ঐতিহাসিক সাফল্য’ উল্লেখ করে তিনি বলেন, “এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হবো। এই ঘটনা প্রমাণ করে, অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।”

জানা গেছে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ দেন। পরে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোতে পরিবারের বিরুদ্ধে প্রায় ৭৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital