শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

মাদকবিরোধী দিবসে রাজধানীতে জামায়াতের যুব র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৩ মোট ভিউ

মাদকের বিষাক্ত ছোবলে যুব সমাজ জর্জরিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। তিনি বলেছেন, মাদকের ভয়াবহ বিস্তারে যুবসমাজ জর্জরিত হলেও তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে সরকার।

শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত যুব র‌্যালি শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, শিশু-কিশোর, তরুণ-যুবকদের পাশাপাশি নারীরাও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছেন। মাদক এখন ভয়াবহ ক্যান্সারের রূপ নিয়েছে। কিন্তু এর বিস্তার ঠেকাতে অতীতের সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। বরং ক্ষেত্রবিশেষে তরুণ-যুবকদের হাতে মাদক ও অস্ত্র তুলে দিয়ে রাষ্ট্রক্ষমতা পাকাপোক্ত করতে তাদের ব্যবহার করা হয়েছে। বর্তমান সরকারও ক্ষমতায় আসার পর মাদকবিরোধী কোনও অভিযান পরিচালনা করতে পারেনি।

তিনি বলেন, তরুণ-যুবকরাই দেশের প্রাণশক্তি। রাষ্ট্রকে সামনে এগিয়ে নিতে, জুলাই চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে, সুখী-সমৃদ্ধ, বাসযোগ্য ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে তরুণ প্রজন্মকে প্রাণঘাতী মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। রাষ্ট্র পরিচালনার বিভিন্ন স্তরে তরুণদের সম্পৃক্ত করা না গেলে রাষ্ট্র তার পথ ও গতি হারাবে। বর্তমান সরকার উদাসীন থাকলে অতীতের অপকর্মের ধারাবাহিকতায় যুবসমাজ মাদকের ছোবল থেকে বেরিয়ে আসতে পারবে না।

তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা পর্যায়ের কার্যালয়ে যে জনবল রয়েছে, তা দিয়ে একটি ওয়ার্ডের মাদক নিয়ন্ত্রণ করাও সম্ভব নয়। অথচ তাদের পুরো জেলার দায়িত্ব পালন করতে হচ্ছে। অর্থাৎ, নামমাত্র মাদক নিয়ন্ত্রণ ছাড়া বাস্তবে কার্যকর কিছু হচ্ছে না।

মাদক নিয়ন্ত্রণে সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ বন্ধ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সীমান্তরক্ষী বাহিনী যেভাবে পুশইনের বিরুদ্ধে ভূমিকা রাখছে, মাদকের বিরুদ্ধেও একইভাবে কাজ করতে হবে। তা না হলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে বিপুল অর্থের বিনিময়ে তারা নিজেদের ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে নেয়।

তিনি অভিযোগ করেন, দেশের আনাচে-কানাচে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে, কিন্তু তা দেখার যেন কেউ নেই। মাদকের কারণে যুবসমাজের নৈতিক চরিত্র ধ্বংস হচ্ছে। মাদক সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এই টাকার ভাগ কারা পাচ্ছে, জনগণ তা জানে এবং দেখে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল বৃদ্ধি এবং মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, মাদকবিরোধী যেকোনও কার্যক্রমে জামায়াতে ইসলামী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

সমাবেশ শেষে মহানগরী দক্ষিণ জামায়াতের যুব বিভাগের উদ্যোগে একটি বিশাল যুব র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে হাইকোর্ট চত্বর প্রদক্ষিণ করে মৎস্য ভবনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, মহানগরীর কর্মপরিষদের সদস্য ড. মোবারক হোসেন ও শাহীন আহমেদ খান। এছাড়া মহানগরী ও বিভিন্ন সাংগঠনিক থানার দায়িত্বশীল নেতারা র‌্যালিতে অংশ নেন।

টিএস

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital