আন্তর্জাতিক শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) আয়োজিত আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনীতে তৃতীয় স্থান অর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী রুশাদ তানজীম।
গত ২০ জুন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘Brushstrokes of Belonging’ শীর্ষক শিল্পকর্ম ও চলচ্চিত্র প্রদর্শনীতে তার আঁকা ‘Morning Will Come’ শিরোনামের শিল্পকর্মের জন্য এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ইউএনএইচসিআর বাংলাদেশের অ্যাসোসিয়েট এক্সটার্নাল রিলেশনস অফিসার কেভিন লিন্ডব্লম ও ম্যাথিল্ড ওপেতি তার হাতে সম্মাননা তুলে দেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় থেকে জমা পড়া ৩২০টি শিল্পকর্মের মধ্য থেকে বাছাই করে ২০টি শিল্পকর্ম নির্বাচন করা হয়। নির্বাচিত শিল্পীদের সনদ প্রদান করা হয় এবং তাদের মধ্য থেকে সেরা তিনজনকে গ্র্যান্ড পুরস্কার দেওয়া হয়। এতে তৃতীয় স্থান অর্জন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুশাদ তানজীম।
“Stories Beyond Borders” প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা Traditional Painting, Illustration/Digital Art ও Collage Artwork–এর মাধ্যমে বাস্তুচ্যুত মানুষের স্মৃতি, সংগ্রাম, অনুভূতি ও আশার গল্প তুলে ধরেন।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে রুশাদ তানজীম বলেন, “এই প্রতিযোগিতাটি আমাকে শরণার্থী, বিশেষ করে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জীবনসংগ্রাম ও আশার গল্প আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করেছে। আমার শিল্পকর্ম ‘Morning Will Come’-এ আমি শুধু বাস্তুচ্যুত মানুষের কষ্ট নয়, বরং প্রতিকূলতার মধ্যেও মানুষের আশা ও অদম্য মনোবলের প্রতিফলন তুলে ধরার চেষ্টা করেছি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমার বার্তাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছেছে, যা একজন শিল্পী হিসেবে আমার জন্য বড় অর্জন।”
প্রতিযোগিতায় এই সাফল্যে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।