জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোর প্রভোস্ট কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে পরিচিত অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিনের শিক্ষকতা, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক সম্পর্কের স্বীকৃতি হিসেবে তাকে প্রভোস্ট কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীদের বিভিন্ন আবাসিক ও প্রশাসনিক সমস্যা মনোযোগ দিয়ে শোনা, দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ এবং মানবিক আচরণের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের কাছে তিনি একজন আস্থাভাজন শিক্ষক হিসেবে পরিচিত। নতুন দায়িত্বে তার অভিজ্ঞ নেতৃত্ব আবাসিক হলগুলোর সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের সেবার মান বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
নতুন দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। তাই হলগুলোর শৃঙ্খলা বজায় রাখা, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা নিশ্চিত করা এবং আবাসিক শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সমন্বিতভাবে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
হলের যেকোনো সমস্যা দ্রুত চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ডাইনিং, ক্যানটিনসহ আবাসিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব আবাসিক পরিবেশ নিশ্চিত করা যায়।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রত্যাশা, অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহীর নেতৃত্বে প্রভোস্ট কমিটির কার্যক্রম আরও গতিশীল হবে।
তার অভিজ্ঞতা, দূরদর্শিতা এবং শিক্ষার্থীবান্ধব দৃষ্টিভঙ্গির মাধ্যমে আবাসিক হলগুলোর সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক জীবন আরও নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষার্থীকল্যাণমুখী হয়ে উঠবে।