বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা-১৯ (নির্বাচনী এলাকা) এর উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট ‘জুলাই-আগস্ট উদযাপন কমিটি-২০২৬’ ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে হামিদুল্লাহ সালমানকে সদস্য সচিব করা হয়েছে।
সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত এ কমিটিতে সেজুতি হোসাইনকে আহ্বায়ক, অ্যাডভোকেট তানজিনা আফরিন ও ফয়সাল আহমেদ মাশরিফকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন হেলেন জাহান রিমা, ইমাম হোসাইন সজন, মিরাজ আহমেদ নাঈম, সালমান আকাশ, ওসমান গণি, নাফিজ আহমেদ ও মো. রবি ইসলাম।
কমিটি সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মাসব্যাপী ঘোষিত কর্মসূচি সুষ্ঠু, শৃঙ্খলাবদ্ধ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে সদস্য সচিব হামিদুল্লাহ সালমান বলেন,
“জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি।
জুলাই আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং গণঅভ্যুত্থানের চেতনাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”
তিনি আরও বলেন, “পদ-পদবী কোনো ফ্যাশন বা ক্ষমতার প্রতীক নয়; এটি দায়িত্ব ও জবাবদিহিতার বিষয়। আমাকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়ায় মাননীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
জুলাইয়ের চেতনা বাস্তবায়নে তাঁর আন্তরিকতা ও কমিটমেন্ট অনুকরণীয়। তাঁর নেতৃত্বে ঢাকা-১৯ আসনে মাসব্যাপী আয়োজিত কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।*