শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

আবারও ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৫ মোট ভিউ

যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টা হামলায় গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে। নতুন করে বেড়ে গেছে সংঘাত। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

গত দুই মাসের মধ্যে এই প্রথম তেলের দাম এত উচ্চতায় পৌঁছাল। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে নতুন করে বড় ধরনের ব্যাঘাত ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে গত বুধবার তেলের দাম ব্যারেলপ্রতি ৯৫ ডলারে গিয়ে ঠেকেছিল। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একের পর এক হামলায় লোহিত সাগর দিয়ে সৌদি আরবের তেল রফতানি বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনা।

বৃহস্পতিবার ইরান সমর্থিত সশস্ত্র হুথি গোষ্ঠী জানায়, তারা সৌদি আরবের দুটি তেলের ট্যাংকার ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’র ওপর হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, তাদের ঘোষিত লোহিত সাগরের নৌ-অবরোধ অমান্য করায় এই হামলা চালানো হয়।

 

আরও পড়ুন:

ভারতীয় সেনাবাহিনীকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাল চীন

 

 

হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে জাহাজ দুটিতে হামলা চালায়। হামলায় একটি ট্যাংকারে আগুন ধরে যায়।

গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১০০ মার্কিন ডলার ছাড়িয়ে যায়। সেই সময়ে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলের জীবাশ্ম জ্বালানি রফতানি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।

সংঘাতের চূড়ান্ত পর্যায়ে এপ্রিলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১২৬ ডলারে উঠেছিল। তবে মে মাসের শেষ দিকে দাম ১০০ ডলারের নিচে নেমে আসে। পরে ওই অঞ্চলে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিলে জুলাইয়ের শুরুতে তেলের দাম কমে ৭১ ডলারে নেমে এসেছিল।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর এবং পারস্য উপসাগরে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম আবারও দ্রুত বাড়তে শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ নতুন করে বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital