এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে আয়োজনের লক্ষ্যে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা হয়।
সভায় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষা সংক্রান্ত সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। তিনি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা প্রস্তুতের নির্দেশ দেন এবং নকল প্রতিরোধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকল ঠেকাতে প্রয়োজনীয় আইন প্রণয়নের কথাও জানান তিনি।
মন্ত্রী বলেন, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথ বডি সার্চ নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পরীক্ষা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন বা প্রশ্নসংক্রান্ত কোনো কনটেন্ট ছড়িয়ে পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
মেধাভিত্তিক জাতি গঠনের জন্য পরীক্ষাব্যবস্থায় পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, অটোপাশের সুযোগ আর থাকবে না। প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত পদ্ধতির পরিবর্তে বাস্তবভিত্তিক মূল্যায়নের ওপর জোর দেওয়ার কথাও বলেন তিনি।
এছাড়া, পরীক্ষা কেন্দ্রের টয়লেটসহ যেকোনো স্থানে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল সভা আয়োজনের কথাও জানান তিনি।
সভায় যেসব জেলায় জিলা স্কুল নেই, সেখানে নতুন জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। এসব প্রতিষ্ঠান প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমন্বিত উচ্চমাধ্যমিক স্কুল হিসেবে গড়ে তোলা হবে।
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।