জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলন আরও তীব্র রূপ নিয়েছে। শিক্ষার্থীদের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর প্রক্টরিয়াল বডিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন নারী শিক্ষার্থীরা।
সকাল পর্যন্ত চলা ওই কর্মসূচি শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আন্দোলনকারীরা অভিযোগ করেন, অভিযুক্তকে গ্রেপ্তারে প্রশাসন এখনো কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। পাশাপাশি শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নেও দৃশ্যমান অগ্রগতি নেই বলে দাবি করেন তারা।
শিক্ষার্থীরা জানান, গত ১৩ মে ছয় দফা দাবি জানিয়ে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না হওয়ায় প্রশাসনের প্রতি আস্থা হারিয়েছেন তারা।
প্রেস ব্রিফিংয়ে আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার বিভিন্ন তথ্য গোপন করেছে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রক্টর অফিসের পুরোনো তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন। এ সময় অফিসের দেয়াল ও দরজাজুড়ে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী গ্রাফিতি লেখা হয়।
আন্দোলনকারীরা ঘোষণা দেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রমে বাধা দেওয়া হবে এবং আন্দোলন আরও জোরদার করা হবে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে প্রক্টরের পদত্যাগ, অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা। আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন।
এদিকে আন্দোলনের একপর্যায়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে শিক্ষার্থীদের তীব্র বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা মধ্যস্থতার চেষ্টা করেন। জাবি উপাচার্য বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে এবং এ বিষয়ে কিছু অগ্রগতিও হয়েছে। তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।