পবিত্র হজের মূল আনুষ্ঠানিক কার্যক্রম আজ সোমবার (৮ জিলহজ) মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। হজযাত্রীরা আজ সকাল থেকেই মিনায় উপস্থিত হয়ে হজের ধারাবাহিক ইবাদত ও আনুষ্ঠানিকতা পালন শুরু করবেন। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী হাজিদের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে রবিবার রাতেই তাদের মিনার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের হজযাত্রীদের মিনায় পাঠানোর সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে মক্কার বাংলাদেশ হজ অফিস এবং সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো।
শরিয়তের বিধান অনুযায়ী, হাজিরা ৮ জিলহজ মিনায় অবস্থান করবেন এবং ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।
আরও পড়ুন : জাল সনদে নিয়োগ: আরও ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
এরপর ৯ জিলহজ (মঙ্গলবার) তারা আরাফাতের উদ্দেশে রওনা হবেন। সেখানে এ বছরের হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি।
খুতবার পর হাজিরা একত্রে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতেই অবস্থান করবেন। শরিয়তের বিধান অনুযায়ী আরাফাতের এই অবস্থানই হজের মূল স্তম্ভ হিসেবে বিবেচিত।
৯ জিলহজ সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর উন্মুক্ত আকাশের নিচে রাতযাপন করবেন তারা।
পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগেই মুজদালিফা থেকে মিনায় ফিরে আসবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে পশু কোরবানি এবং মাথা মুণ্ডন বা চুল ছোট করার মাধ্যমে হজের গুরুত্বপূর্ণ অংশ সম্পন্ন করবেন।
১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা শেষে ১২ জিলহজ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন হাজিরারা।
One thought on "মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ থেকে শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা"
Comments are closed.