২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলপ্রেমীরা আয়োজক শহরগুলোতে ভিড় করতে শুরু করেছেন। দর্শকদের স্টেডিয়াম অভিজ্ঞতাকে আরও আধুনিক, স্মরণীয় ও ইন্টারঅ্যাকটিভ করতে নতুন উদ্যোগ নিয়েছে ফিফা। এর অংশ হিসেবে চালু করা হয়েছে ‘ফিফা ফ্যান আইডি’।
এই ফ্যান আইডি মূলত একটি বিশেষ স্মার্ট ফিজিক্যাল কার্ড, যা ম্যাচ দেখতে আসা টিকিটধারী দর্শকদের উপহার হিসেবে দেওয়া হবে। এটি শুধু স্মারকই নয়, বরং টুর্নামেন্টের অফিসিয়াল কনটেন্ট, ডিজিটাল রিওয়ার্ড এবং বিনোদনভিত্তিক নানা সুবিধার প্রবেশদ্বার হিসেবেও কাজ করবে।
কার্ডটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, দর্শকরা স্মার্টফোন দিয়ে এটি ট্যাপ করলেই একটি ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন। সেখানে তারা নিজেদের বিশ্বকাপ স্মৃতি ডিজিটালভাবে সংরক্ষণ করতে পারবেন এবং ম্যাচের অফিসিয়াল ছবি ব্যবহার করে ব্যক্তিগত স্মারক তৈরির সুযোগও পাবেন।
বিশ্বকাপের ১৬টি স্টেডিয়ামের যেকোনো একটিতে প্রবেশের পর দর্শকরা ফ্যান ইনফরমেশন বুথ থেকে এই কাস্টমাইজযোগ্য কার্ড সংগ্রহ করতে পারবেন। আয়োজকরা দর্শকদের প্রথম ম্যাচেই ফ্যান আইডি সংগ্রহের পরামর্শ দিয়েছেন। ম্যাচ শেষে এটি স্মারক হিসেবেও সংরক্ষণ করা যাবে।
আরও পড়ুন :২০২৬ বিশ্বকাপে যেসব তারকাকে মিস করবে ফুটবল দুনিয়া
ফ্যান আইডির মাধ্যমে সমর্থকেরা অগমেন্টেড রিয়েলিটি (এআর) ভিডিও বার্তা উপভোগ করতে পারবেন। পাশাপাশি থাকবে বিভিন্ন পুরস্কার ও চমক জেতার সুযোগ। স্টেডিয়াম সংক্রান্ত তথ্য এবং ম্যাচ-ডে অভিজ্ঞতা সহজ করতে প্রয়োজনীয় নির্দেশনাও পাওয়া যাবে এই কার্ডে।
এই উদ্যোগ নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং দর্শকদের এটি সংগ্রহ ও ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
ম্যাচ শুরুর অন্তত তিন ঘণ্টা আগে থেকেই স্টেডিয়াম এলাকায় লাইভ বিনোদন ও নানা আয়োজন থাকবে। তাই দর্শকদের আগেভাগেই স্টেডিয়ামে উপস্থিত হয়ে ফ্যান আইডি সংগ্রহে উৎসাহিত করা হচ্ছে। এমনকি স্টেডিয়ামে না গেলেও নিয়মিত কার্ডে ট্যাপ করে নতুন ফুটবল কনটেন্ট উপভোগ করা যাবে।
বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরে প্রায় ৬০ লাখ দর্শক গ্যালারিতে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বিশ্বজুড়ে প্রায় ৬০০ কোটি মানুষ টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে ম্যাচ উপভোগ করবেন।
ফিফা আরও জানিয়েছে, টিকিট ও হসপিটালিটি প্যাকেজ শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কেনা উচিত। অনুমোদনহীন উৎস থেকে কেনা টিকিট স্টেডিয়ামে গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করা হয়েছে।
সংস্থাটি স্পষ্ট করেছে, ‘ফিফা ফ্যান আইডি’ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং এটি সব টিকিটধারীর জন্য উন্মুক্ত। তবে এটি কোনো ভিসা বা প্রবেশ টিকিটের বিকল্প নয় এবং স্টেডিয়ামে প্রবেশের জন্য বাধ্যতামূলকও নয়। মূলত দর্শকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।