জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে নিয়মিত পড়াশোনা করে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োগপ্রাপ্ত সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে উদ্যোগ নিয়েছেন জকসুর পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক মো. রিয়াসাল রাকিব।
সোমবার (৬ জুলাই) এই ঘোষণা দিয়ে আগামী ১০ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধনের আহ্বান জানান জকসুর পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক রিয়াসাল রাকিব।
জকসুর এই পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদকের জানান, লাইব্রেরিমুখী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের অনুপ্রাণিত করার লক্ষ্যে চলতি মাসেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের তারিখ, সময় ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে।
এছাড়াও তিনি জানান, জবি লাইব্রেরিতে পড়াশোনা করে বিভিন্ন সেক্টরে চাকরিতে নিয়োগপ্রাপ্ত সাবেক শিক্ষার্থীদের নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে ১০ জুলাই রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এই উদ্যোগের বিষয়ে জকসুর পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক মো. রিয়াসাল রাকিব বলেন, “লাইব্রেরিতে পড়াশোনা করে যারা নিজেদের ক্যারিয়ারে সফল হয়েছেন, তাদের সম্মানিত করার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।”
তিনি আরও জানান, নিবন্ধন শেষে যাচাই-বাছাই করে সংবর্ধনা অনুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ও ভেন্যু ঘোষণা করা হবে।