জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রবিবার (২৪ মে ২০২৬) তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন ও বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এসময় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
আরও পড়ুন :হিজলী গ্রামের একমাত্র ব্রিজ সংস্কারে পরিদর্শনে উপজেলার ইউএনও
পরে উপাচার্যের অফিস সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইনমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের সুভ্যেনির ও ‘জুলাই ২০২৪’ প্রকাশনা প্রদান করা হয়। সভায় পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, একাডেমিক কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন উপস্থাপন করেন।
মতবিনিময়কালে উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে আমরা গর্বিত। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।”
তিনি আরও বলেন, “ডা. মাহবুবুর রহমান লিটনের সার্বিক সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপ দেওয়া হবে।”
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “এই বিশ্ববিদ্যালয় সংস্কৃতির একটি উৎস, যেখান থেকে বিভিন্ন প্রকার শিল্পী বের হবে।”
তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান এবং সাম্প্রতিক রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন বলেন, “প্রধানমন্ত্রী আগামী ২৫ মে ত্রিশাল সফরে আসার কথা থাকলেও ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের সুবিধার কথা বিবেচনা করে তিনি ২৩ মে ত্রিশাল সফর করেন।” ভবিষ্যতে সুতিয়া নদীর দুই তীরে নির্মিতব্য পার্ক উদ্বোধনের জন্য তাঁকে আনার পরিকল্পনার কথা জানান তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, ত্রিশাল উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।