নাটোরের হয়বতপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় এক বাস কাউন্টার মাস্টারকে কুপিয়ে গুরুতর জখম ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রবিবার রাত ১০টার দিকে হয়বতপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোঃ মিজান স্থানীয় একটি বাস কাউন্টারের মাস্টার হিসেবে কর্মরত বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি হয়বতপুর এলাকায় চাঁদাবাজির দৌরাত্ম্য বেড়ে গেছে। এসব ঘটনার প্রতিবাদ করে আসছিলেন মিজান। রবিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাজারের পাশে আগে থেকেই ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয় এবং এক পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মিজানকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন, যানজটে আটকে ফায়ার সার্ভিস
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনার সংবাদ পুলিশ পেয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
One thought on "নাটোরে চাঁদাবাজির প্রতিবাদে বাস কাউন্টার মাস্টারকে কুপিয়ে জখম"
Comments are closed.